আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে অক্টোবর-২০২৬ মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্য উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

সভায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন থানার পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) কাইয়ুমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।