মোঃ শাহজাহান বাশার 
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ মোঃ আরফান আলী (৩৯) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।


শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেফতারকৃত মোঃ আরফান আলী ঢাকার ধামরাই থানাধীন কুমরাইল (মধ্যপাড়া) এলাকার কুরবান আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরফান আলীর বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।