ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আর্থিক লেনদেন ও চেক ডিজঅনারের অভিযোগে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কয়েকটি মামলায় সাজা ও অর্থদণ্ডের তথ্য রয়েছে। নতুন মামলাটি নিয়ে স্থানীয়ভাবে আবারও আলোচনা শুরু হয়েছে।
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা শেখ ফয়েজ আহমেদ এ মামলার বাদী।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামির প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষ জানিয়েছে।
মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, পাওনা টাকা পরিশোধের জন্য সৈয়দ নাজমুল আলম পারভেজ তাঁকে একটি চেক দেন। পরে ওই চেক ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট হিসাব বন্ধ থাকায় তা প্রত্যাখ্যাত হয়। পাওনা অর্থ আদায়ে অন্য কোনো উপায় না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও চেকসংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত প্রায় আটটি মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালত রায় দিয়েছেন এবং তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এসব মামলায় তাঁকে কারাভোগও করতে হয়েছে। 
অন্য মামলাগুলো এখনো বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। সাজাপ্রাপ্ত মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে আদালতে সোপর্দ করেছিল বলেও সূত্র জানিয়েছে।
এ ছাড়া ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ঋণের অর্থ পরিশোধ না করার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। মামলাটির আর্থিক সংশ্লিষ্টতা ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নাজমুল পারভেজের বিরুদ্ধে পত্রিকার মালিকানা বিক্রির নামে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে, তাঁর মালিকানাধীন ‘দৈনিক আজকের সারাদেশ’ পত্রিকার মালিকানা বিক্রির ঘোষণা দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া হয়। পরে তিনি মালিকানা বিক্রির বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী এক পক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানা গেছে।
একটি ভোক্তা অধিকারবিষয়ক সংগঠনের জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে একের পর এক মামলা, ঋণসংক্রান্ত অভিযোগ এবং পত্রিকার মালিকানা নিয়ে বিরোধের ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

এসব অভিযোগ, চলমান মামলা, সিআইডির তদন্ত এবং পত্রিকার মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে বক্তব্য জানতে সৈয়দ নাজমুল আলম পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খোন্দকার কামাল হোসেন বলেন, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে প্রতারণার একাধিক  অভিযোগ দন্ড রায় ঘোষণা, নতুন মামলা দায়ের  এবং একই সঙ্গে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের ফরিদপুর এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।